টেকসই ও পরিবেশবান্ধব বিদ্যুৎ ব্যবস্থার প্রসারে সৌরভিত্তিক সিস্টেম (Solar-based System) স্থাপনের গুরুত্ব ও বাস্তবায়ন নিয়ে মৌলভীবাজারে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে মৌলভীবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন; মৌলভীবাজার বিউবোর পাওয়ার সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রকৌ. ইন্দ্রজিৎ দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌ. সুজিত কুমার বিশ্বাস। সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার বিউবোর বিক্রয় ও বিতরণ বিভাগের (বিবিবি) নির্বাহী প্রকৌশলী প্রকৌ. হোসাইন মোহাম্মদ সাব্বির।
সভায় সৌরশক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে বিকল্প ও নবায়নযোগ্য জ্বালানির সুযোগ কাজে লাগানো,জাতীয় গ্রিডে সৌরবিদ্যুতের সংযোগ বৃদ্ধি এবং গ্রাহক পর্যায়ে সৌরভিত্তিক সিস্টেম স্থাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে প্রকৌ. হোসাইন মোহাম্মদ সাব্বির সৌরভিত্তিক বিদ্যুৎ ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, গ্রাহক পর্যায়ে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ ব্যবস্থাকে আরও টেকসই ও পরিবেশবান্ধব করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বক্তারা বলেন,বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো সময়ের গুরুত্বপূর্ণ দাবি। বিশেষ করে সৌরশক্তির ব্যবহার বাড়ানো গেলে প্রচলিত জ্বালানির ওপর চাপ কমানোর পাশাপাশি পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাবও কমানো সম্ভব।
এ সময় সৌরভিত্তিক সিস্টেম স্থাপনের কারিগরি দিক,গ্রাহক পর্যায়ে এর ব্যবহার, জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ যুক্ত করার সম্ভাবনা এবং বাস্তবায়নে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের ভূমিকা নিয়েও মতবিনিময় করা হয়।
আলোচনা ও মতবিনিময় সভায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় ও প্রেসক্লাবের নির্দিষ্ট কজন সংবাদ প্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মতামত