রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় নিরাপত্তাকর্মীদের বেঁধে রাখা হয়। পরে একটি পাকা ও তিনটি আধা পাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে মন্তব্য করেন।
পোস্টে জামায়াত আমির লিখেছেন, ‘এবার ক্ষমতার গরমের আঁচ পড়ল স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর।’ তিনি দাবি করেন, মধ্যরাতে মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে ওই স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রবেশ করে ভাঙচুর ও লুটপাট চালান। পরে স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হয়।
ডা. শফিকুর রহমান আরও লেখেন, রাতের আঁধারে স্বাস্থ্যসেবা কেন্দ্রটি ধ্বংস করার পর সেখানে রহস্যজনক একটি সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
ঘটনার সঙ্গে কারা জড়িত, তা অস্পষ্ট নয় দাবি করে জামায়াত আমির বলেন, তাদের কর্মকাণ্ডের কারণে জনগণের স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ নষ্ট হয়েছে।
তিনি বলেন, একদিকে সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কথা বলছে, অন্যদিকে এ ধরনের ঘটনা ঘটছে। এ ধরনের পরিস্থিতি আর কত দিন চলবে—এমন প্রশ্নও তোলেন তিনি।
ডা. শফিকুর রহমান ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান। তা না হলে একপর্যায়ে জনগণের হাতেই তাদের শাস্তি পেতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
মতামত