ক্ষমতা ও পদ-পদবিকে দেশের স্বার্থের চেয়ে বড় করে দেখার মানসিকতা থেকে সবাইকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে জাতীয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।
এলজিআরডি মন্ত্রী বলেন, দেশের অগ্রগতি নিশ্চিত করতে হলে অতীতের ভুলগুলো ভুলে গেলে চলবে না। একই সঙ্গে সুবিধাবঞ্চিত মানুষের জন্য এখনও পর্যাপ্ত উদ্যোগ নেওয়া হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, পড়াশোনাকে বাদ দিয়ে রাজনীতিতে যুক্ত হওয়া উচিত নয়। শিক্ষার্থীদের লেখাপড়া ঠিক রেখে অন্যান্য কার্যক্রমে অংশ নেওয়ার পরামর্শ দেন তিনি। পাশাপাশি শিক্ষকদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করে ক্লাস ফাঁকি দেওয়ার সংস্কৃতি বন্ধ করার আহ্বান জানান।
আবদুল মঈন খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিউটোরিয়াল ব্যবস্থা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে নেওয়া হয়েছে। সেখানে যদি যথাযথভাবে পড়াশোনা না হয়, তাহলে দেশ কীভাবে এগিয়ে যাবে—এমন প্রশ্নও রাখেন তিনি।
মতামত