জয়পুরহাটের পাঁচবিবিতে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আকাশ হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট-হিলি আঞ্চলিক মহাসড়কের পাঁচবিবি শহরের নাকুরগাছি এলাকায় বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকাশ হোসেন সদর উপজেলার মধুপুর গ্রামের মাছ ব্যবসায়ী মো. নজরুল ইসলামের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করতেন।
পুলিশ জানায়, দুপুরে মোটরসাইকেলে করে হিলির দিকে যাচ্ছিলেন আকাশ। এ সময় বিপরীত দিক থেকে পাবনার উদ্দেশ্যে যাওয়া ‘সৌমিক পরিবহন’ নামের একটি বাস তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর আকাশ ছিটকে সড়কের পাশে পড়ে গুরুতর আহত হন। একই সঙ্গে মোটরসাইকেলটিও দুমড়েমুচড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত আকাশকে উদ্ধার করেন। পরে তাকে জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
মতামত