ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাত ৩টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জেলা শহরের কান্দিপাড়া এলাকার বাসিন্দা নামিম খাঁ (১৯) ও নিরব খাঁ (১৮)। তারা সম্পর্কে চাচাতো ভাই।
খাঁটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল বাতেন নিহতদের স্বজনদের বরাত দিয়ে জানান, ভোররাতে সদর উপজেলার সুলতানপুর থেকে মোটরসাইকেলে করে বাড়ির দিকে ফিরছিলেন নামিম ও নিরব। রামরাইল বাজার এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
ধাক্কার পর মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে যান দুই ভাই। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এসআই আব্দুল বাতেন জানান, মোটরসাইকেলটিকে কোন গাড়ি ধাক্কা দিয়েছে, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মতামত