কেন্দ্রীয় কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন না করা এবং সাংগঠনিক দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা এবং পৌর যুবদলের নয় নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা যুবদল।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল।
শোকজ পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারু,সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল মোহিত কদর ও সদস্য সচিব টিটু আহমেদ। শ্রীমঙ্গল পৌর যুবদলের আহ্বায়ক সারোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর এম এ কালাম ও সদস্য সচিব প্রণব বৈদ্যকেও নোটিশ দেওয়া হয়েছে।
এ ছাড়া কমলগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাহবুবুর রহমান এবং কমলগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রূমন আলী ও সদস্য সচিব মীর খালেদুর রহমান রয়েছেন শোকজের তালিকায়।
জেলা যুবদল সূত্রে জানা গেছে,বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষিত সাম্প্রতিক কর্মসূচিগুলো সংশ্লিষ্ট ইউনিটে যথাসময়ে পালন করা হয়নি। বিষয়টিকে দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক দায়িত্ব পালনের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হিসেবে উল্লেখ করে তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
গত বুধবার (২৩ সেপ্টেম্বর) জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল ও সাধারণ সম্পাদক এম এ মুহিতের নির্দেশে দপ্তর সম্পাদক হাবিবুর বাশারের স্বাক্ষরে পৃথক চিঠির মাধ্যমে শোকজ নোটিশ পাঠানো হয়।
নোটিশে আগামী সাত কার্যদিবসের মধ্যে জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিতও বৃহস্পতিবার রাতে মুঠোফোনে শোকজ নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
মতামত