কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান দলের নেতাকর্মীদের নিজেদের মধ্যে ক্ষমতা ও সুযোগ পাওয়ার প্রতিযোগিতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, নেতাকর্মীরা যদি নিজেদের মধ্যে কে কী পদ বা সুযোগ পাবেন—এ নিয়ে প্রতিযোগিতায় জড়িয়ে পড়েন, তাহলে এর নেতিবাচক প্রভাব পড়বে এবং জনগণ তাদের প্রত্যাখ্যান করতে পারে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়ন বিএনপি আয়োজিত এক গণসমাবেশে এসব কথা বলেন তিনি।
ফজলুর রহমান বলেন, ‘এটা আমি চাই’, ‘ওটা তুমি চাও’—এভাবে নিজেদের মধ্যে প্রতিযোগিতা শুরু হলে কেউই টিকে থাকতে পারবে না। জনগণ তাদের বিদায় করে দেবে। শেখ হাসিনার সরকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তারাও যদি একই ধরনের কাজ করেন, তাহলে জনগণ তাদেরও প্রত্যাখ্যান করবে।
তিনি বলেন, দেশ তখনই উন্নত হবে, যখন দেশের নেতারা নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। নেতারা যদি সবকিছু নিজেদের জন্য চান, তাহলে জনগণ বঞ্চিত হবে। নিজের দলের নেতাদের আরও ভালো হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত তারা ভালো আছেন, তবে আরও ভালো হওয়ার সুযোগ রয়েছে।
নিজের বয়স ও ভবিষ্যৎ নিয়েও কথা বলেন প্রবীণ এই রাজনীতিক। তিনি জানান, নয় দিন পর তার বয়স ৭৯ বছর হবে। জীবনে আর কতদিন বাকি আছে তা তিনি জানেন না। তবে জীবনের বাকি সময়টুকু মানুষের জন্য উৎসর্গ করতে চান।
ফজলুর রহমান বলেন, টাকা-পয়সা তার কাছে মুখ্য বিষয় নয়। নেতাদের একটি অংশকে আদর্শ ও মানুষের জন্য কাজ করার মানসিকতা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তার মতে, শুধু অর্থ দিয়ে দেশ পরিচালনা করা সম্ভব নয়, আবার প্রশাসনের ওপরও সব দায়িত্ব ছেড়ে দেওয়া যায় না।
বিএনপির নেতাকর্মীদের দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম এবং নির্যাতনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, তারা ১৬ বছর ধরে নানা অত্যাচার-নির্যাতন সহ্য করেছেন এবং অনেককে কারাগারে থাকতে হয়েছে। এতদিন কষ্ট করার পরও দেশের স্বার্থে আরও কিছুদিন ত্যাগ স্বীকার করে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
দলের নেতাকর্মীদের উদ্দেশে ফজলুর রহমান বলেন, আগের সরকারের তুলনায় বিএনপি যদি ভালো কাজ, ভালো নেতৃত্ব এবং দেশের উন্নয়ন নিশ্চিত করতে পারে, তাহলে জনগণ তাদের সমর্থন করবে এবং মূল্যায়ন করবে।
গণসমাবেশে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখাসহ কাস্তুল ইউনিয়ন ও অষ্টগ্রাম উপজেলার বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
মতামত