কুমিল্লার হোমনায় পাশের বাড়ির এক নারীর জানাজা শেষে বাড়ি ফিরে মারা গেছেন মোহাম্মদ জসিম উদ্দিন (৪৪) নামে এক ব্যক্তি। তিনি হোমনা বাজারে মোবাইল মেকারের কাজ করতেন। তিনি উপজেলার শ্রীমদ্দি গ্রামের প্রয়াত মালু মিয়ার ছেলে।
জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে পূর্ব শ্রীমদ্দি ঈদগাহ মাঠে স্থানীয় এক নারীর জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জসিম উদ্দিন। জানাজা শেষে বাড়িতে ফেরার কিছুক্ষণ পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তার মৃত্যু হয়।
এর আগে বৃহস্পতিবার বিকেলে একই মহল্লার পাঁচজন সোনারগাঁয়ে বেড়াতে যাওয়ার পথে মেঘনা নদীতে ডুবে মারা যান। ওই দিন রাতেই একই মহল্লার কাসেম মিয়ার স্ত্রীও মারা যান।
সবশেষ শুক্রবার সকালে মারা যান জসিম উদ্দিন। এর ফলে মাত্র ২০ ঘণ্টার ব্যবধানে একই মহল্লার সাতজনের মৃত্যু হলো।
ঘটনার পর এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। হোমনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও গ্রামের বাসিন্দা অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা বলেন, একই মহল্লা থেকে অল্প সময়ের ব্যবধানে সাতজনের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মতামত