জামায়াতে ইসলামীকে ‘অকৃতজ্ঞ’ দল হিসেবে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে বন্যাদুর্গত পরিবারের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, জামায়াতের কর্মকাণ্ড দেখতে দেখতে তারা ক্লান্ত। দলটির কৃতজ্ঞতাবোধ কম বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি, ২০০১ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জামায়াতের দুই নেতাকে মন্ত্রী করেছিলেন। এর মাধ্যমে তাদের ‘রাজাকারের তকমা’ দূর করার চেষ্টা করা হয়েছিল। তবে জামায়াত এখন সেই বিষয়গুলো ভুলে গেছে বলে মন্তব্য করেন তিনি।
মীর শাহে আলম বলেন, বর্তমান সরকার জনগণের সরকার এবং দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত হয়েছে। তার অভিযোগ, সরকার গঠনের ছয় মাসের মধ্যেই জামায়াত লংমার্চ করে সরকার পতনের হুমকি দিচ্ছে।
আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে প্রতিমন্ত্রী বিএনপির নেতাকর্মীদের এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার ওপরও গুরুত্ব দেন তিনি।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে উপজেলা পর্যায়ে বিএনপি একক প্রার্থীকে সমর্থন দেবে। দলের সিদ্ধান্তের বিরোধিতা করে কেউ বিদ্রোহী প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এনসিপি ও জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের পুরোনো সম্পর্ক রয়েছে বলেও মন্তব্য করেন মীর শাহে আলম। তার দাবি, ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তাদের যোগাযোগ থাকতে পারে এবং পুরোনো সম্পর্ক আবারও তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বর্তমানে দেশে চলমান আন্দোলন আওয়ামী লীগকে সহায়তা করছে বলেও মন্তব্য করেন তিনি।
এনসিপির নেতাদের রাজনৈতিক বক্তব্যের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, ১১ দলীয় জোটের নেতারা সংসদের ভেতরে এক ধরনের বক্তব্য দিলেও বাইরে ভিন্ন কথা বলেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ‘অভিনয়’-এর অভিযোগও করেন তিনি।
এনসিপির নেতাদের বয়স কম উল্লেখ করে তিনি বলেন, তারা রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে কথা বলেন না এবং তারেক রহমানকে নিয়েও ‘বিশ্রী ভাষায়’ কথা বলেন। বিএনপি কোনো পক্ষের হুমকিকে গুরুত্ব দেয় না বলেও মন্তব্য করেন তিনি।
মীর শাহে আলম আরও বলেন, গত নির্বাচনে যারা বিএনপির সঙ্গে ‘বেঈমানি’ করেছে, তাদের আর দলে জায়গা হবে না। অন্যদিকে, দুঃসময়ে দলের জন্য যারা কাজ করেছেন, তারা ঠিকাদারিসহ বৈধ সুযোগ-সুবিধা পাবেন।
মতামত