জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকার ন্যায়, নীতি ও সততার ভিত্তিতে দেশ পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে নির্যাতিত দুস্থ নারী ও শিশু কল্যাণ তহবিলের অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, একটি ষড়যন্ত্রকারী গোষ্ঠী পরিকল্পিতভাবে সন্ত্রাস ও অস্থিতিশীলতা তৈরি করে দেশের পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছে। তবে জনগণ সচেতনভাবে পাশে থাকলে কোনো ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে দেশের উন্নয়নের ধারাবাহিকতা বাধাগ্রস্ত করা সম্ভব হবে না।
বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, অতীতে টিআর, কাবিখাসহ বিভিন্ন সরকারি খাত থেকে জনগণের জন্য বরাদ্দ দেওয়া হলেও সাধারণ মানুষ তার সুফল পায়নি। জবাবদিহিতার অভাবে এসব অর্থের অপব্যবহার ও লুটপাট হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, ওই সরকারের সহযোগীরা বর্তমানে রাজনীতি ও জনগণ থেকে বিচ্ছিন্ন।
খোকন আরও বলেন, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগের কারণে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। এরপরও তারা লকডাউনসহ বিভিন্ন অজুহাত ব্যবহার করে নতুন করে ষড়যন্ত্রের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, অস্থিতিশীল পরিবেশ তৈরি করে সুযোগ নেওয়াই এসব তৎপরতার উদ্দেশ্য।
নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শিরিন সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল ইসলাম, কৃষি কর্মকর্তা স্বাক্ষর চন্দ্র বণিকসহ সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে নির্যাতিত দুস্থ নারী ও শিশু কল্যাণ তহবিল থেকে ৪১ জন উপকারভোগীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।
মতামত