এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তার দাবি, পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা হলে বাসে অগ্নিসংযোগ ও ককটেল হামলার সঙ্গে কারা জড়িত, তা বেরিয়ে আসবে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার ও বিরোধী দলের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, সাত মাসের সরকারের বিরুদ্ধে লংমার্চের কর্মসূচি স্বাভাবিক কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। তার ভাষ্য, লংমার্চের নামে পিকনিকের মতো ছবি ও ভিডিও করে তা ফেসবুকে প্রকাশ করা হচ্ছে। একদিকে জামায়াত ও এনসিপি লংমার্চ করছে, অন্যদিকে আওয়ামী লীগ মাঠে নেমে অরাজকতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, ১১ দলীয় জোট ও আওয়ামী লীগ এই দুই বিরোধী দলকে সামলে বিএনপিকে সরকার পরিচালনা করতে হচ্ছে। তার মতে, জামায়াত-এনসিপি একটি হঠকারী বিরোধী দল এবং আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট বিরোধী দল।
রাশেদ আরও অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করতে জামায়াত, এনসিপি ও আওয়ামী লীগ একসঙ্গে বাস ও ট্রেনে আগুন দিচ্ছে এবং ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে। তিনি বলেন, এনসিপির একজন নেতা দাবি করেছেন, ১১ দলের দাবি মেনে নেওয়া হলে ককটেল বিস্ফোরণ আর হবে না।
নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীর বিশেষ রাজনৈতিক সহকারী বলেন, তাকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এর মাধ্যমে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের সঙ্গে কারা জড়িত, সেই তথ্যের সত্যতা নিশ্চিত করা যাবে বলে দাবি করেন তিনি।
মতামত