আল্লাহর আইন ছাড়া দেশে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, যেসব ইসলামী দল আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলে, তাদের মধ্যে জামায়াতে ইসলামীই সবচেয়ে অগ্রগামী।
শুক্রবার সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকার একটি মিলনায়তনে মহানগর জামায়াত আয়োজিত দুই দিনব্যাপী রুকন (সদস্য) শিক্ষাশিবিরের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, মানুষের সঙ্গে আচরণের ক্ষেত্রে সম্মান প্রদর্শন এবং নৈতিক মূল্যবোধকে গুরুত্ব দেওয়া সংগঠনের অন্যতম কৌশল। এ কারণে জামায়াতের সব পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীদের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড আরও বাড়াতে হবে। এর মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি অবৈধ উপার্জনের চিন্তা থেকে দূরে থাকতে হবে।
তিনি আরও বলেন, ব্যবসায়িক কর্মকাণ্ডে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা জরুরি। সংগঠনের জনশক্তিকে সততা ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী।
শিক্ষাশিবিরে আরও বক্তব্য দেন জামায়াতের সিলেট অঞ্চল টিমের সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর নায়েবে আমির হাফিজ মিফতাহুদ্দীন, ড. নূরুল ইসলাম বাবুল এবং জেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নানসহ স্থানীয় নেতারা।
মতামত