নীলফামারীর সৈয়দপুরে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বাস থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. জুয়েল মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তার জুয়েল মিয়া জামালপুর সদর উপজেলার বাসিন্দা।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় শহরের ওয়াপদা মোড়ে এই অভিযান চালায় ডিএনসি নীলফামারী জেলা কার্যালয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এছাড়াও তার কাছ থেকে একটি পুরোনো Bengal বাটন মোবাইল ফোন, বাসের টিকিট ও দুটি টোকেন জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপ-পরিদর্শক মো. সাকিব সরকার। তিনি জানান, অভিযানের সময় ওয়াপদা মোড়ে রংপুর থেকে সৈয়দপুরগামী মেহেদী দেবীগঞ্জ ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এতে যাত্রী জুয়েল মিয়ার সাতে থাকা সাদা রংয়ের একটি প্লাস্টিকের বস্তা থেকে বাদামি স্কচটেপে মোড়ানো ৭টি প্যাকেট উদ্ধার করা হয়। পরে প্যাকেটগুলো খুলে মোট ১৫ কেজি শুকনো গাঁজা পাওয়া যায়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক জুয়েল মিয়া বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মো. সাকিব সরকার নিজে বাদী হয়ে সৈয়দপুর থানায় মামলাটি দায়ের করেছেন বলে জানান তিনি।
মতামত