অনিয়ম ও অসদাচরণের অভিযোগে রংপুরের বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপ-পরিচালক আবু নোমান মো. জাকির হোসেনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-৪ শাখা থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এতে স্বাক্ষর করেন এবং সোমবার প্রজ্ঞাপনটি জনসমক্ষে আসে।
সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে ওঠা ‘অসদাচরণ’ অভিযোগের ভিত্তিতে একটি বিভাগীয় মামলা চলছে। এই মামলার পরিপ্রেক্ষিতেই তাকে সাময়িক বরখাস্তের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বরখাস্ত থাকাকালীন সময়ে এই কর্মকর্তা ঢাকার আগারগাঁওয়ের ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে যুক্ত থাকবেন এবং নিয়ম অনুযায়ী খোরপোষ ভাতা ভোগ করবেন। এই নির্দেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে।
মতামত