প্রায় এক মাস কর্মস্থলে অনুপস্থিত থাকার পর শ্রীমঙ্গলের একটি আবাসিক হোটেলে অবস্থান নিয়ে ভারতে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন সিলেট বিভাগের সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের ডেটা এন্ট্রি অপারেটর সুশান্ত চন্দ্র বিশ্বাস (৩৪)। সঙ্গে ছিল একাধিক পরিচয়পত্র, নিজের নামে দুটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও দাপ্তরিক সিল। তবে সীমান্ত অতিক্রমের আগেই বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে আটক হন তিনি।
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে শ্রীমঙ্গল উপজেলার গুটিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মোংলামবস্তি চা-বাগানসংলগ্ন সীমান্ত পিলার ১৯৩৯/এম-এর কাছে এ ঘটনা ঘটে। বিজিবির টহলদল শূন্যরেখা অতিক্রমের চেষ্টাকালে তাকে আটক করে।
আটক সুশান্ত কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাচাইল গ্রামের সত্যেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে। বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,তিনি ২০১৬ সাল থেকে নির্বাচন অফিসে চুক্তিভিত্তিকভাবে কর্মরত। বর্তমানে জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সংশ্লিষ্ট নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী,প্রায় এক মাস ধরে কোনো অনুমোদিত ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন তিনি। তার অবস্থান নিয়েও খোঁজ চলছিল।
বিজিবি জানায়,জিজ্ঞাসাবাদে সুশান্ত জানিয়েছেন,গত বৃহস্পতিবার তিনি শ্রীমঙ্গলে এসে একটি আবাসিক হোটেলে অবস্থান নেন। পরে এক দালালের সহায়তায় সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী রোববার সকালে সীমান্ত এলাকায় পৌঁছে শূন্যরেখা পার হওয়ার চেষ্টা করেন।
আটকের সময় তার সঙ্গে থাকা ব্যাগ ও অন্যান্য সামগ্রী তল্লাশি করে দুটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন,নগদ ১২ হাজার ১৮৫ টাকা,নিজের নামে দুটি এনআইডি, ছয়টি বিভিন্ন ধরনের পরিচয়পত্র, ব্যবহৃত দাপ্তরিক সিলসহ ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পরিচয়পত্র, নথি ও ডিজিটাল ডিভাইসের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।
একাধিক পরিচয়পত্র ও দাপ্তরিক সিল তার কাছে থাকার বিষয়টি নিয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাচাই করছে। একই সঙ্গে সীমান্ত পারাপারে তাকে সহায়তাকারী ব্যক্তির বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের চেষ্টার অভিযোগে সুশান্ত চন্দ্র বিশ্বাসের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালানসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
মতামত