পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে জেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাটার মোড় হয়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে যুবদল ও বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদ জানান। একই সঙ্গে দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান নেতাকর্মীরা।
মিছিল শেষে জেলা দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে নেতারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশের স্বাভাবিক পরিবেশ নষ্ট করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাবেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রধান, জেলা যুবদলের আহ্বায়ক শাহনেওয়াজ কবির শুভ্র, সদস্য সচিব শরিফুল ইসলামসহ যুবদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মতামত