মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ জাহাঙ্গীর হোসেন (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সিগারেট পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
গ্রেপ্তার জাহাঙ্গীর হোসেন কমলগঞ্জ উপজেলার শিংরাউলী ঈদগাঁ টিলা এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়,মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে শ্রীমঙ্গল থানার একটি বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে,একটি প্রাইভেটকারে করে বিদেশি সিগারেট উপজেলার নারায়ণছড়া এলাকায় নেওয়া হচ্ছে। পরে পুলিশ শ্রীমঙ্গল উপজেলার ৫ নম্বর কালাপুর ইউনিয়নের নারায়ণছড়া এলাকায় মাইজদিহি চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে ইটসলিং সড়কে অবস্থান নেয়।
একপর্যায়ে সন্দেহভাজন প্রাইভেটকারটি সেখানে পৌঁছালে পুলিশ সংকেত দিয়ে গাড়িটি থামায়। এ সময় গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করলে জাহাঙ্গীর হোসেনকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে গাড়িতে তল্লাশি চালিয়ে পেছনের যাত্রী আসনের নিচ থেকে পলিথিনে মোড়ানো আট কার্টন ORIS ব্র্যান্ডের বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়,আট কার্টনে মোট ৩২ হাজার শলাকা সিগারেট ছিল। এ ছাড়া সিগারেট পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-গ-১২-৭৭৭৭ নম্বরের হালকা সবুজ রঙের একটি পুরোনো প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর হোসেন শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে এসব সিগারেট বাংলাদেশে আনার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে শ্রীমঙ্গল থানায় মামলা করা হয়েছে।
মতামত