গাজীপুরের কাপাসিয়া উপজেলায় মাদক সেবন করে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে মোঃ রিয়াজুল ইসলাম (২১) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ ২৩ সেপ্টেম্বর (বুধবার) সকালে কাপাসিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদুল হক এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত রিয়াজুল ইসলাম উপজেলার কাপাসিয়া বাসস্ট্যান্ড এলাকার আবু হানিফের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, রিয়াজুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন করে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটানোসহ নানা ধরনের জনদুর্ভোগ সৃষ্টি করে আসছিলেন। বুধবার সকালে নিজ এলাকায় মাদক সেবনকালে স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে ফেলে এবং পুলিশে সোপর্দ করে। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রিয়াজুলকে পনেরো দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং দুইশত টাকা অর্থদণ্ড প্রদান করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদুল হক বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কোনো ছাড় দেওয়া হবে না।
মতামত