সুনামগঞ্জে জনমনে অশান্তি সৃষ্টি ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সুনামগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ড. খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আদালতে হাজির করা হলে শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সুনামগঞ্জ সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথ অভিযান চালিয়ে খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে সুনামগঞ্জের আদালতে হাজির করা হয়। মামলার অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, জনমনে অশান্তি সৃষ্টি এবং নাশকতার পরিকল্পনার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হলে শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আরিফ উল্লাহ বলেন, সুনির্দিষ্ট মামলার ভিত্তিতে এবং নাশকতার পরিকল্পনার অভিযোগে খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই তাকে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।##
মতামত