ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে এখনও পড়ে আছে নির্বাচনী প্রচার-প্রচারণার জন্য নির্মাণ করা বাঁশের গেট। দীর্ঘদিন ধরে এসব গেট অপসারণ না করায় পথচারী ও যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। যেকোনো সময় এসব বাঁশের গেট থেকে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের সময় প্রার্থীদের প্রচার-প্রচারণার অংশ হিসেবে উপজেলার বিভিন্ন সড়ক ও প্রবেশপথে বাঁশ দিয়ে এসব গেট নির্মাণ করা হয়। নির্বাচন শেষ হওয়ার পর সেগুলো অপসারণ করার কথা থাকলেও অনেক গেট এখনও রয়ে গেছে। কিছু গেটের বাঁশ দুর্বল ও জরাজীর্ণ হয়ে পড়ায় তা পথচারী ও যানবাহনের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
বিষয়টি নিয়ে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, “এই বাঁশের গেটগুলো যারা বানিয়েছেন, তাদের আগে গেটগুলো সরিয়ে নেওয়ার জন্য বলা হবে। কারণ, এসব বাঁশের গেট নির্বাচনের সময় প্রচার-প্রচারণার জন্য তৈরি করা হয়েছিল। নির্বাচনের আগেই এগুলো ভেঙে ফেলার কথা ছিল।”
তিনি আরও বলেন, “যেহেতু এগুলো এখনও অপসারণ করা হয়নি, তাই সংশ্লিষ্টদের অবগত করা হবে—যার যার গেট, নিজের দায়িত্বে তা সরিয়ে নিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সরিয়ে না নিলে পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়রা দ্রুত এসব বাঁশের গেট অপসারণ করে সড়ক ও জনসাধারণের চলাচল নিরাপদ করার দাবি জানিয়েছেন।
মতামত