সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধি: নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বগুড়ার সারিয়াকান্দি পৌরসভার মহা-পরিকল্পনা (Master Plan) প্রণয়ন বিষয়ক ৩য় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে পৌরসভার কনফারেন্স হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন, সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এস এম মিকাইল ইসলাম।
সভায় পৌর এলাকার সার্বিক উন্নয়ন পরিকল্পনা, বর্তমান অবকাঠামোর অবস্থা, নাগরিক সেবা ব্যবস্থার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ টেকসই নগর ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা করা হয়। পরামর্শ সভায় অংশ নেওয়া স্থানীয় বিভিন্ন পেশাজীবী ও সচেতন নাগরিকরা পৌরসভার স্থানীয় সমস্যা, উন্নয়ন চাহিদা ও ভবিষ্যৎ সম্ভাবনার কথা তুলে ধরেন। একটি পরিকল্পিত ও সমন্বিত নগর উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তারা পৌর এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা (ড্রেনেজ সিস্টেম), যানজট নিরসন,পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের মূল্যবান মতামত ও পরামর্শ প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মাহতাবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা রওশন আলী মন্ডল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.ফ.ম আছাদুজ্জামান, পৌর বিএনপির সভাপতি সাহাদত হোসেন সনি, সহ- সভাপতি মুজাহিদুল ইসলাম পলাশ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম, বণিক সমিতির সদস্য বেলাল হোসেন, রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পরিচালক শাফি মাহমুদ, নাগরিক সমাজ প্রতিনিধি চন্দন কুমার চক্রবর্তী, প্রেস ক্লাবের সভাপতি আকতারুজ্জান, মডেল প্রেস ক্লাবের সভাপতি শাহাদাত জামান, সাংবাদিক মো.হারুনুর রশিদ, রফিকুল ইসলাম, হিরা মানিক, সিনিয়র নগর পরিকল্পনা বীদ তাজুল ইসলাম তানভীর, জুনিয়র নগর পরিকল্পনাবীদ মুহাইমুন ইসলাম, প্রজেক্ট ইন্জিনিয়ার এলজিডি এবিএম জহিরুল ইসলাম সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি।
সভায় পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা মহাপরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন এবং উপস্থিত অংশগ্রহণকারীদের কাছ থেকে বিভিন্ন মতামত ও পরামর্শ গ্রহণ করেন।প্রকল্পটিতে অর্থায়ন করছে এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) ও ফ্রান্সের উন্নয়ন সংস্থা (AFD)।
সভাটি পরিচালনা ও সার্বিকভাবে সমন্বয় করেন, পৌরসভার ইন্জিনিয়ার মো.শহিদুল ইসলাম।
মতামত