দেশের চার জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। একই আদেশে ওই চার জেলার বর্তমান এসপিদেরও পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব তৌছিফ আহমেদ এতে স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, র্যাবের উপপরিচালক (পুলিশ সুপার) মো. বদরুজ্জামানকে নেত্রকোনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ জেলার বর্তমান এসপি মো. তরিকুল ইসলামকে বিশেষ পুলিশ সুপার হিসেবে সিআইডিতে বদলি করা হয়েছে।
পুলিশ অধিদপ্তরের ঢাকার এআইজি জালাল উদ্দিন ফাহিম, পিপিএম-সেবাকে ব্রাহ্মণবাড়িয়ার এসপি করা হয়েছে। জেলার বর্তমান এসপি শাহ মো. আব্দুর রউফকে বিশেষ পুলিশ সুপার হিসেবে এসবিতে পদায়ন করা হয়েছে।
র্যাবের উপপরিচালক (পুলিশ সুপার) মীর মনির হোসেনকে রাজবাড়ীর নতুন এসপি করা হয়েছে। অন্যদিকে, রাজবাড়ীর বর্তমান এসপি মোহাম্মদ মনজুর মোর্শেদ, বিপিএম-সেবাকে পুলিশ সুপার হিসেবে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।
মেহেরপুরের বর্তমান এসপি উজ্জ্বল কুমার রায়কে বিশেষ পুলিশ সুপার হিসেবে সিআইডিতে বদলি করা হয়েছে। তার স্থলে পুলিশ অধিদপ্তরের ঢাকার এআইজি আলী হায়দার চৌধুরী, বিপিএমকে মেহেরপুরের এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া পুলিশ অধিদপ্তরে রিপোর্টিংরত এসপি মো. নুরুল আমিন হাওলাদারকে সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি হিসেবে ঢাকার পুলিশ স্টাফ কলেজে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব বদলি ও পদায়নের আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
মতামত