মুন্সীগঞ্জের সিরাজদিখানে কৃষিজমি ভরাট এবং নকল সার তৈরির অভিযোগে পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে একটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা এবং নকল সার তৈরির কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি নকল সার কারখানাটি সিলগালা এবং রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের কয়েকটি সাইনবোর্ড ভেঙে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত উপজেলার নিমতলা ইউনিয়নের মজিদপুর (বড় শিকারপুর) এলাকায় অবস্থিত বিক্রমপুর মডার্ন সিটি লিমিটেডে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে প্রশাসনের অনুমতি ছাড়া কৃষিজমি ভরাটের অভিযোগের সত্যতা পাওয়া যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৫ ধারার অপরাধে ১৯ ধারায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এ সময় প্রতিষ্ঠানটির ৮ থেকে ১০টি সাইনবোর্ড ভেঙে ফেলা হয়।
অন্যদিকে, একই দিন দুপুর ১২টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের ডাকাতিয়াপাড়া এলাকায় নকল সার তৈরির একটি কারখানায় অভিযান চালানো হয়।
অভিযানে ফাতেমা মেটাল নামের প্রতিষ্ঠানে নকল সার তৈরির কার্যক্রমের সত্যতা পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানের মালিক মো. কবির হোসেনকে পরিবেশ আইন (বায়ু দূষণ) ২০২২-এর ১৫(২) ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে ২ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে।
উভয় অভিযানে সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার( ভূমি), মো. শিব্বির আহমেদ এর নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তা ও সিরাজদিখান থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
মতামত