অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে কোনো ধরনের দুর্নীতিবাজ চক্র, অসাধু গোষ্ঠী বা অনৈতিক সিন্ডিকেট গড়ে উঠতে দেওয়া হবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার কথা জানিয়ে তিনি বলেছেন, দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ের হলিডে ইন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাতিসংঘ ও ইউএনডিপির সহযোগিতায় অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের জন্য আয়োজিত দুই দিনব্যাপী উচ্চতর নৈতিকতা প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।
‘স্ট্রেনদেনিং দ্য প্রিন্সিপালস অ্যান্ড প্র্যাকটিসেস অব প্রসিকিউটোরিয়াল এথিক্স ফর দ্য অ্যাটর্নি জেনারেলস অফিস অব বাংলাদেশ’ শীর্ষক এ প্রশিক্ষণে রাষ্ট্রের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্ব পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হচ্ছে।
অ্যাটর্নি জেনারেল বলেন, কার্যালয়ের কোনো কর্মকর্তা অর্থপাচারের মতো অপরাধে জড়িত থাকলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে আইন কর্মকর্তাদের পেশাগত দায়িত্ব পালনে নিরপেক্ষতা নিশ্চিত করা এবং রাজনৈতিক প্রভাবের বাইরে থেকে কাজ করার পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেন তিনি।
রুহুল কুদ্দুস কাজল আরও বলেন, রাষ্ট্রের আইন কর্মকর্তাদের দায়িত্ব কেবল আদালতে মামলা জেতার মধ্যে সীমাবদ্ধ নয়। ন্যায়বিচার প্রতিষ্ঠায় আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাও তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশে এই প্রথম অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে কর্মরত আইন কর্মকর্তাদের জন্য প্রসিকিউটোরিয়াল এথিকস বা পেশাগত নৈতিকতা বিষয়ে এ ধরনের উচ্চতর প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। দুই দিনের এই প্রশিক্ষণে কার্যালয়ের ১৬০ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল অংশ নিচ্ছেন।
মতামত