দৈনিক জনতা খুব শিগগিরই গণমানুষের কণ্ঠস্বরে পরিণত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সভাপতি ও দৈনিক জনতার সম্পাদক ওবায়দুর রহমান শাহীন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নীলফামারী জেলা পরিষদ হলরুমে দৈনিক জনতার ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও সাংবাদিক ইউনিয়নের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দৈনিক জনতার নীলফামারী জেলা প্রতিনিধি এন.এম. হামিদী বাবুর সভাপতিত্বে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ওবায়দুর রহমান শাহীন বলেন, “সারাদেশে দৈনিক জনতার প্রচার সংখ্যা যেভাবে বাড়ছে এবং মানুষের হাতে হাতে পত্রিকাটি পৌঁছে যাচ্ছে, তাতে অচিরেই এটি এ দেশের গণমানুষের মুখপত্রে পরিণত হবে। গণমানুষের কণ্ঠস্বর হয়ে উঠবে।”
তিনি বলেন, “দৈনিক জনতাকে আরও শক্তিশালী ও পাঠকপ্রিয় গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করতে আমরা কাজ করে যাচ্ছি। আজ নীলফামারীতে আপনারা যারা আমার পাশে দাঁড়িয়েছেন, তাদের নিয়েই আমি দৈনিক জনতার এই পথচলার চ্যালেঞ্জ মোকাবিলা করে বিজয় অর্জন করতে চাই।”
সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেন, “আজকের এই কঠিন সময়ে যারা আমাদের পাশে আছেন, দৈনিক জনতার সুদিনেও আমরা তাদের পাশে থাকব, ইনশাআল্লাহ। সাংবাদিকদের ঐক্য, পেশাগত সততা ও গণমানুষের প্রতি দায়বদ্ধতাই আমাদের শক্তি।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিপন শেখ, দৈনিক নবচেতনার স্টাফ রিপোর্টার হামিদুল্লাহ সরকার, দৈনিক জনতার ডোমার প্রতিনিধি আব্দুর রাজ্জাক রাজা, সৈয়দপুর প্রতিনিধি শাহজাহান আলী মনন, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আরফিনুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
এর আগে নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইয়াছিন মোহাম্মদ সিথুনের সভাপতিত্বে সাংবাদিক ইউনিয়নের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফইউজে সভাপতি ও দৈনিক জনতার সম্পাদক ওবায়দুর রহমান শাহীন।
মতামত