বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলার এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় মিরকাদিম পৌরসভার সানাই কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মো. রিফাত হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. নুরুল ইসলাম সাদ্দাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মেধাবীরাই দেশের ভবিষ্যৎ। মেধাবীদের যোগ্যতা অর্জন করে সততার সঙ্গে দেশের দায়িত্ব পালন করতে হবে। সৎ ও যোগ্য নেতৃত্ব ছাড়া এ দেশের পরিবর্তন সম্ভব নয়। তাই ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হতে হবে। পিতা-মাতার অবাধ্য হওয়া চলবে না।”
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও মুন্সীগঞ্জ জেলা আমির এ জেড এম রহুল কুদ্দুস বলেন, “ছাত্রদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য ছাত্রদের মধ্যে ইসলামী ছাত্রশিবির এবং ছাত্রীদের মধ্যে ইসলামী ছাত্রী সংস্থা কাজ করছে। শিক্ষা জীবনে যেকোনো ভালো কাজে সহযোগিতার জন্য ছাত্রশিবির ও ছাত্রী সংস্থা আপনাদের পাশে থাকবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন কম্পিউটার ইঞ্জিনিয়ার দিয়া মোহাম্মদ, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির সাবেক সভাপতি ডা. শাকিব হাসান বেলাল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচিত জিএস আব্দুল আলিম আরিফ।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ কলেজের অধ্যক্ষ বাইজিদ বোস্তামী, সদর উপজেলা জামায়াতের আমির মো. নুরুল আমিন সিকদার, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মো. মুজাহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী ছাত্রশিবির মুন্সীগঞ্জ জেলা শাখার সেক্রেটারি এস এম জাহিদ।
মতামত