মৌলভীবাজারের জুড়ীতে জুড়ী নদীর ব্রিজের নিচ থেকে আবুল কালাম বুলুচাঁন (৪০) নামে এক অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভোগতেরা এলাকায় জুড়ী নদীর ব্রিজের নিচ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত আবুল কালাম বুলুচাঁন উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের বড়ধামাই গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে। তিনি জুড়ী নিউমার্কেট সিএনজি স্ট্যান্ডের অটোরিকশাচালক ছিলেন।
স্থানীয়রা জানান,বৃহস্পতিবার দুপুরে জুড়ী নদীর ভোগতেরা ব্রিজের নিচে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে তাঁরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদনের সময় নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়।
পুলিশের প্রাথমিক ধারণা,বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের কোনো একসময় দুর্বৃত্তরা আবুল কালাম বুলুচাঁনকে হত্যা করে লাশটি ব্রিজের নিচে ফেলে যায়। তবে কে বা কারা এবং কী কারণে তাঁকে হত্যা করেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু বলেন, আবুল কালাম বুলুচাঁন বড়ধামাই গ্রামের বাসিন্দা এবং নিউমার্কেট সিএনজি স্ট্যান্ডের অটোরিকশাচালক ছিলেন। তিনি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন,ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় কাটার চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
মতামত