পুলিশ কর্মকর্তা (এসআই) পরিচয়ে অভিনব কায়দায় গাঁজা পাচারকালে, স্থানীয়দের সন্দেহ হলে তারা ভুয়া এসআই কে আটক করে পুলিশে খবর দেন। পরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ৯ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট সদর থানাধীন রাজপুর ইউনিয়নের সতী নদী সংলগ্ন কাজলীর বাজার এলাকায় ডিবি পুলিশ গাঁজাসহ ওই তিনজনকে গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, সদর উপজেলার হারাটি ইউনিয়নের নওশাদ আলীর ছেলে মোঃ মঞ্জুর আলম (৪০), একই এলাকার ইন্তাজ আলীর ছেলে মোঃ লিটন (৩০) ও কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাউডাঙ্গা এলাকার টাঙ্গুরা মামুদের ছেলে মোঃ হারুন অর রসিদ (৫০)
ডিবি পুলিশ জানায়, ধৃত আসামীরা নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এসআই (সাব-ইন্সপেক্টর) পরিচয় দিয়ে গাঁজা নিয়ে যাচ্ছিলেন। বিষয়টি স্থানীয় লোকজনের সন্দেহজনক মনে হলে তারা সাহসিকতার সাথে তাদের আটক করে পুলিশকে খবর দেন। পরে লালমনিরহাট ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মো. মনিরুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেখানে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে আসামীদের হেফাজত থেকে ৯ কেজি ৪০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা জব্দ করে এবং গ্রেপ্তার করে।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।
মতামত