সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে অভিযান চালিয়ে ৩৩ বোতল বিদেশি মদসহ সবুজ মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টা ৫৫ মিনিটের দিকে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের আমড়াগড়া গ্রামের মৌড়াকুড়া কাদিরের পয়েন্ট এলাকায় এ অভিযান চালানো হয়।
এসআরবি-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মথুরকান্দি বাজার এলাকায় অবস্থানরত আভিযানিক দল জানতে পারে, মৌড়াকুড়া কাদিরের পয়েন্টে পাকা সড়কের ওপর কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটে সেখানে অভিযান চালানো হয়।
অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি প্লাস্টিকের বস্তা হাতে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে বস্তা তল্লাশি করে ৩৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সবুজ মিয়া শান্তিগঞ্জ উপজেলার কান্দিগাঁও গ্রামের আব্দুল লতিফের ছেলে। জিজ্ঞাসাবাদে তিনি সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলে এসআরবি জানিয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে তাকে ও জব্দ করা মাদকদ্রব্য বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
মতামত