ফরিদপুরের চরভদ্রাসনে সরকারি, শিল্প, বাণিজ্যিক ও অন্যান্য আগ্রহী গ্রাহকের ভবনের ছাদে রুফটপ সোলার স্থাপন এবং সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির প্রক্রিয়া সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) চরভদ্রাসন সাবজোনাল অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ।
সভায় চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি), চরভদ্রাসন থানা যুবদলের সভাপতি, প্রেসক্লাব চরভদ্রাসন থানার সভাপতি, রুফটপ সোলার স্থাপনে আগ্রহী বিভিন্ন ব্যক্তি এবং সার্ভিস প্রোভাইডার হিসেবে তালিকাভুক্ত হতে আগ্রহীরা উপস্থিত ছিলেন।
সভায় ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির চরভদ্রাসন সাবজোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) মো. এনায়েত হোসেন রুফটপ সোলার স্থাপন ও সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় রুফটপ সোলারের সুবিধা, সরকারের বিভিন্ন প্রজ্ঞাপন ও প্রণোদনা এবং সোলার ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
আলোচনায় ইউএনও মো. জুলহাস হোসেন সৌরভ রুফটপ সোলার ব্যবহারের বিষয়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বিদ্যুৎ ও জ্বালানি খাতে দেশের উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার আহ্বান জানান।
এ ছাড়া বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
মতামত