স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করতে নরওয়ের কাছ থেকে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজের দপ্তরে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত আরাল্ড গুলব্রান্ডসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
বৈঠকে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সামনে অনুষ্ঠেয় স্থানীয় সরকার নির্বাচন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কারিগরি সহায়তা এবং স্থানীয় পর্যায়ে নারীদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ও আলোচনায় আসে।
মন্ত্রী বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় সহায়তা ও প্রযুক্তিগত সহযোগিতা গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে স্থানীয় সরকার পরিচালনায় নরওয়ের অর্জিত অভিজ্ঞতা বাংলাদেশের জন্য কার্যকর হতে পারে বলে তিনি উল্লেখ করেন।
স্থানীয় সরকারে নারীদের অংশগ্রহণ বাড়ানোর প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন আবদুল মঈন খান। নারীদের আরও বেশি সম্পৃক্ত করার ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়েও বৈঠকে আলোচনা হয়।
এ সময় নরওয়ের বাংলাদেশ মিশনের ডেপুটি হেড আলেকজান্ডার ফাল্ক-বিল্ডেন, রাজনৈতিক উপদেষ্টা সারোয়ার জাহান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত