রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞানাগার (সায়েন্স ল্যাব), ওয়াল লাইব্রেরী ও অভিভাবক শেড উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ে এসব সুবিধার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমেনা মারজান।
উদ্বোধনকালে ইউএনও আমেনা মারজান বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শুধু শ্রেণিকক্ষে পাঠদান নয়, শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান, পাঠাভ্যাস ও উপযুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করাও জরুরি। বিজ্ঞানাগার, ওয়াল লাইব্রেরী ও অভিভাবক শেড বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও শিক্ষাবান্ধব করতে ভূমিকা রাখবে।
এছাড়াও বক্তারা বলেন, শিক্ষার্থীদের পাঠ্যবইনির্ভর শিক্ষার পাশাপাশি ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ তৈরিতে বিজ্ঞানাগারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হাতে-কলমে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বিজ্ঞানের বিভিন্ন বিষয় শেখার সুযোগ বাড়বে। একই সঙ্গে ওয়াল লাইব্রেরী শিক্ষার্থীদের নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চা ও সৃজনশীলতা বিকাশে সহায়ক হবে।
অন্যদিকে, বিদ্যালয়ে আসা অভিভাবকদের অপেক্ষা ও অবস্থানের জন্য নির্ধারিত জায়গা হিসেবে অভিভাবক শেড স্থাপন করা হয়েছে। এতে বিদ্যালয়ের সঙ্গে অভিভাবকদের যোগাযোগ আরও সুশৃঙ্খল হওয়ার পাশাপাশি শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে সহায়তা করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এ সময় পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্র সেন চাকমা, কাচালং সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, শিক্ষার্থীদের অভিভাবক, প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মতামত