মো: হাসান আলী, বাঘাইছড়ি প্রতিনিধি:
রাঙামাটির বাঘাইছড়িতে পশ্চিম মুসলিম ব্লক যুব উন্নয়ন ক্লাব কর্তৃক আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর মেগা ফাইনালে হিল বয়েজ মাদ্রাসা পাড়া ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে হাজী নুরুল আলম স্মৃতি ফুটবল একাদশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টায় অনুষ্ঠিত টুর্নামেন্টের মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে মাঠ।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ফুটবল খেলে। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে চ্যাম্পিয়নের শিরোপা নিশ্চিত করে হাজী নুরুল আলম স্মৃতি ফুটবল একাদশ।
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সুস্থ, সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে নিয়মিত ক্রীড়া আয়োজনের বিকল্প নেই।
বক্তারা আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র, জাতীয়তাবাদ ও দেশপ্রেমের যে রাজনৈতিক দর্শন সামনে রেখে দেশের মানুষের জন্য কাজ করেছেন, সেই চেতনায় তরুণ সমাজকে দেশ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখতে হবে। গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের অধিকার রক্ষায় তরুণদের ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
তারা বলেন, বিএনপি সবসময় দেশের যুবসমাজকে গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়ে আসছে। খেলাধুলার মাধ্যমে তরুণদের নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, পারস্পরিক সৌহার্দ্য ও প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে ওঠে। বাঘাইছড়ির প্রত্যন্ত এলাকার তরুণদের খেলাধুলার সুযোগ বাড়াতে স্থানীয় পর্যায়ে এ ধরনের আয়োজন আরও বিস্তৃত করার প্রয়োজন রয়েছে।
অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. মামুনুর রশিদ মামুন গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান; রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বিল্টু চাকমা এবং বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ নাছির উদ্দিন মজুমদার।
ফাইনাল শেষে প্রধান অতিথি দীপন তালুকদার দীপু রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে চ্যাম্পিয়ন দল হাজী নুরুল আলম স্মৃতি ফুটবল একাদশকে ৫০ হাজার টাকা এবং রানার্সআপ দল হিল বয়েজ মাদ্রাসা পাড়া ফুটবল একাদশকে ৩০ হাজার টাকা প্রাইজমানি প্রদান করেন। এ সময় উভয় দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত করার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
মতামত