নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের ২০২৭ সালের শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে শিক্ষার মানোন্নয়ন ও পাঠোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য আবু ওয়াজেদ জার্মান, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাঈদ ইবনে সিদ্দিকী ও এএসআই হাবিবুর রহমান। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক , শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সভায় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করা এবং প্রতিষ্ঠানের পুরোনো সুনাম ফিরিয়ে আনাসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয়ের সভাপতি রেয়াজুল ইসলাম বলেন, চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয় একসময় পুরো উপজেলায় শিক্ষার মান ও ফলাফলের দিক থেকে সবার উপরে ছিল। সেই সুনাম অক্ষুণ্ন রাখতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, বিদ্যালয়ের জন্য ইতোমধ্যে বিশেষ কিছু বরাদ্দের ব্যবস্থা করা হয়েছে। খুব শিগগিরই সেগুলো পাওয়া যাবে। পাশাপাশি বিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করারও আশ্বাস দেন তিনি।
চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাঈদ ইবনে সিদ্দিকী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শৃঙ্খলা, নৈতিকতা ও সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন এবং অভিভাবকদেরও সন্তানদের প্রতি আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য শিক্ষকরা আন্তরিকভাবে পরিশ্রম করছেন। এর সঙ্গে অভিভাবকরাও এগিয়ে এলে চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয় আরও অনেক দূর এগিয়ে যাবে।’
মতবিনিময় সভায় শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, বিদ্যালয়ে উপস্থিতি এবং অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের নিয়মিত যোগাযোগসহ শিক্ষার পরিবেশ উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
মতামত