এমএ আউয়াল আশিক:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ড্রেজারের মাধ্যমে প্রায় ১২ একর তিন ফসলি কৃষিজমি ভরাটের অভিযোগ উঠেছে। উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মালপদিয়া গ্রামে রাস্তার পাশে এ ভরাট কার্যক্রম চলমান থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকায় কৃষিজমি ভরাটে নিষেধাজ্ঞা দিয়ে সাইনবোর্ড স্থাপন করা হয়েছিল। তবে পরে নিষেধাজ্ঞার সাইনবোর্ড সরিয়ে ফেলে একটি চক্র ড্রেজারের মাধ্যমে বালু দিয়ে জমি ভরাটের কাজ চালিয়ে যাচ্ছে।
জানা গেছে, গত সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যার পর থেকে মধ্যপাড়া ইউনিয়নের মালপদিয়া গ্রামে ড্রেজার বসিয়ে তিন ফসলি জমিতে বালু ভরাটের কার্যক্রম শুরু হয়। স্থানীয়দের দাবি, প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাতের আঁধারেও ভরাটের কাজ চালানো হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, প্রায় ১২ একর জমিতে বালু ভরাট করা হলে কৃষিজমির পাশাপাশি স্থানীয় জলাবদ্ধতা ও পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়তে পারে। তারা দ্রুত ভরাট কার্যক্রম বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ড্রেজার মালিক আব্দুর রহীম বলেন, “প্রশাসনের অনুমতি নিয়েই কাজ করছি।”
তবে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, “এখানে বালু দিয়ে ফসলি জমি ভরাটের কোনো অনুমতি দেওয়া হয়নি। সেখানে একবার অভিযান পরিচালনা করেছিলাম। এখনো যেহেতু ভরাট বন্ধ হয়নি, আবারও ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়দের প্রত্যাশা, শুধু অভিযান পরিচালনা নয়, নিষেধাজ্ঞা জারির পরও যাতে সেখানে ড্রেজার দিয়ে বালু ভরাটের কার্যক্রম চালাতে না পারে, সে বিষয়ে প্রশাসনের নিয়মিত নজরদারি জোরদার করা হবে।
মতামত