প্রাণিসম্পদ খাতকে দেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম বড় উৎস হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এ খাতের উৎপাদন বাড়িয়ে শিল্পে রূপান্তরের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য কমানো এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে বিশেষ অবদানের জন্য আটটি ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক দেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও রপ্তানিমুখী শিল্প হিসেবে গড়ে তুলতে পারলে দেশের অর্থনীতিতে এর অবদান আরও বাড়বে। একই সঙ্গে দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়াও সম্ভব হবে। এ জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা, সদিচ্ছা ও তার বাস্তবায়ন।
তিনি বলেন, একটি মেধাবী ও কর্মক্ষম জাতি গড়ে তুলতে পুষ্টির বিকল্প নেই। পুষ্টিসমৃদ্ধ খাবার মানুষের শেখার ক্ষমতা, কাজের দক্ষতা ও নতুন কিছু উদ্ভাবনের সক্ষমতা বাড়ায়। আর প্রাণিজ আমিষ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমানে দেশের মানুষের প্রাণিজ আমিষের ৫৬ শতাংশ আসে দুধ, মাংস ও ডিম থেকে। তাই এ খাতের উৎপাদন বাড়ানো শুধু পুষ্টির জন্য নয়, দেশের অর্থনীতির জন্যও জরুরি।
প্রাণিসম্পদ খাতের অর্থনৈতিক অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, চলতি অর্থবছরে দেশের মোট জিডিপিতে এ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ। এ খাতে প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ। অন্যদিকে কৃষিজ জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ। ২০২৬ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে এ খাত থেকে ১০ লাখ ৪৬ হাজার ৪০০ মার্কিন ডলার রপ্তানি আয় হয়েছে।
রপ্তানি আয় বাড়ানোর বিষয়ে তারেক রহমান বলেন, চামড়াজাত পণ্য, পশুর বিভিন্ন উপজাত ও প্রক্রিয়াজাত পণ্য রপ্তানির মাধ্যমে স্বল্প সময়েই আয় বাড়ানোর সুযোগ রয়েছে। পাশাপাশি দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক মানের হালাল মাংস, দুগ্ধজাত ও পোলট্রি পণ্য রপ্তানি করে বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করা সম্ভব।
তিনি আরও জানান, বাংলাদেশ প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে বাচ্চা উৎপাদনের উপযোগী উর্বর ডিম বা ‘হ্যাচিং এগ’ রপ্তানি করেছে। এ সাফল্য ধরে রাখতে নতুন নতুন আন্তর্জাতিক বাজার খুঁজে বের করার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
দেশের পোলট্রি শিল্পের অগ্রগতির চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, বর্তমানে বাণিজ্যিক ও প্রান্তিক পর্যায়ে দুই লাখের বেশি পোলট্রি খামার রয়েছে। এসব খামারে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে। এ শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৬০ লাখ মানুষ সম্পৃক্ত, যাঁদের ৪০ শতাংশ নারী। এ খাতে বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা।
প্রান্তিক খামারিদের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের প্রায় ১৫ লাখ প্রান্তিক খামারি জীবিকার প্রয়োজনে পশুপালনের সঙ্গে যুক্ত। তাদের দোরগোড়ায় গবাদিপশুর চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। বর্তমানে প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান থেকে পশুর ১৭টি রোগের টিকা উৎপাদন করা হচ্ছে। টিকার উৎপাদন সক্ষমতা বাড়াতে আধুনিক ভ্যাকসিন উৎপাদনকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
মহিষ পালনের সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী উপকূলীয় অঞ্চল, সিলেট ও সুনামগঞ্জের হাওর এলাকায় বিশেষ উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। উপকূলীয় অঞ্চলে জেগে ওঠা নতুন চর ও সরকারি খাসজমি সমবায়ভিত্তিক বন্দোবস্তের মাধ্যমে খামারিদের বরাদ্দ দেওয়ার বিষয়ে ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয় করতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে নির্দেশনা দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাতের মূল চালিকাশক্তি খামারিরা। তাদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি, ন্যায্যমূল্য এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি প্রাণিসম্পদের উন্নয়নের সঙ্গে পশুপাখির অধিকার ও কল্যাণ নিশ্চিত করাও জরুরি। প্রাণীদের ক্ষুধা, তৃষ্ণা, অস্বস্তি, আঘাত, রোগ, ভয় ও মানসিক যন্ত্রণা থেকে মুক্ত রাখার পাশাপাশি স্বাভাবিক আচরণের স্বাধীনতা নিশ্চিত করাকে তিনি মানুষের মানবিক দায়িত্ব বলে উল্লেখ করেন।
বিশ্ববাজারে বাংলাদেশের প্রাণিজ পণ্যের গ্রহণযোগ্যতা বাড়াতে খাদ্যনিরাপত্তা ও আন্তর্জাতিক কোয়ারেন্টাইন মান কঠোরভাবে অনুসরণের ওপর জোর দেন সরকারপ্রধান। এ লক্ষ্যে আন্তর্জাতিক মানের আধুনিক প্রাণিজ পণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র এবং রোগমুক্ত অঞ্চল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে জাতীয় প্রাণিসম্পদ পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাদের অর্জন দেশের লাখো উদ্যোক্তা, গবেষক, খামারি এবং এই খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুপ্রাণিত করবে।
তিনি আশা প্রকাশ করেন, দেশের খামারি, উদ্যোক্তা ও গবেষকদের মেধা, শ্রম এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বাংলাদেশ একদিন বৈশ্বিক প্রাণিসম্পদ বাজারে নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে। একই সঙ্গে প্রাণিসম্পদ খাত দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎসে পরিণত হবে।
মতামত