রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি):
রাঙামাটি সফরে যাওয়ার পথে কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহার ঘাটের আধুনিকায়ন ও অবকাঠামোগত উন্নয়নের সম্ভাবনা যাচাই করতে সরেজমিনে পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিংপ্রু জেরী।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাঙামাটি ২৯৯ নং আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু, জেলা পরিষদের সদস্য মো. মামুনুর রশীদ ও উথোয়াই মং মারমা। এ সময় আরও উপস্থিত ছিলেন এমপি প্রতিনিধি মো. দিলদার হোসেন ও মংসুইপ্রু মারমাসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঐতিহ্যবাহী এই চিৎমরম বৌদ্ধ বিহারে প্রতিদিন হাজার হাজার পুণ্যার্থীর সমাগম ঘটে। কর্ণফুলী নদী সাম্পানে করে পার হয়ে পুণ্যার্থীদের বিহারে যেতে হয়। বিশেষ করে শুষ্ক মৌসুমে নদীর পানি কমে গেলে ঘাটের সিঁড়ি থেকে পানির দূরত্ব ৪০ ফুটেরও বেশি হয়ে যায়। তার ওপর ঘাটের বর্তমান সিঁড়িগুলোও অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। এতে বয়স্ক ও নারী পুণ্যার্থীদের যাতায়াতে চরম ভোগান্তি ও ঝুঁকির মুখে পড়তে হয়। পুণ্যার্থীদের এই দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে ঘাটটি আধুনিকায়ন, সিঁড়ি সংস্কার এবং যাতায়াতের বিকল্প ব্যবস্থার উদ্যোগ নেওয়ার বিষয়ে পরিদর্শনে গুরুত্বারোপ করা হয়।
এদিকে, চিৎমরম ঘাট পরিদর্শনের পূর্বে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ব্যাঙছড়ি বায়তুল জামে মসজিদ সংলগ্ন এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয় উন্নয়ন ও অবকাঠামোগত বিষয়গুলো ঘুরে দেখেন।
মতামত