নীলফামারীর ডোমার উপজেলায় পরকীয়ার অভিযোগ তুলে এক তরুণীকে রাস্তা থেকে টেনেহিঁচড়ে বাড়ির উঠানে নিয়ে মারধর ও বিবস্ত্র করার অভিযোগ উঠেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার নারীর নাম রুবিনা বেগম (১৯)। তিনি উপজেলার সোনারায় ইউনিয়নের ডুগডুগি পাটোয়ারীপাড়া এলাকার আসিফের স্ত্রী। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ নভেম্বর বিকেলে কারিমা আক্তার (১৮) বাড়ির সামনে তার ভাবির সঙ্গে বসে কথা বলছিলেন। এ সময় একই গ্রামের আব্দুল বাকীর স্ত্রী ও তার পুত্রবধূ সেখানে এসে তাদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে কারিমাকে টেনেহিঁচড়ে নিজেদের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে বাড়ির উঠানে তাকে মারধর করা হয়। এ সময় তার পোশাক ছিঁড়ে বিবস্ত্র করার অভিযোগও উঠেছে।
পরিবারের দাবি, হাত-পা ধরে আকুতি-মিনতি করেও নির্যাতনের হাত থেকে রক্ষা পাননি ওই তরুণী।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসিফের সঙ্গে কারিমার পরকীয়া সম্পর্ক রয়েছে, এমন অভিযোগকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটে। এ অভিযোগের জেরে আসিফের মা ও স্ত্রী ওই তরুণীর ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
এ ঘটনায় বুধবার রাতে ভুক্তভোগীর বাবা আলতাফ হোসেন (৫০) বাদী হয়ে ডোমার থানায় মামলা করেন। মামলায় রুবিনা বেগমকে ৩ নম্বর আসামি করা হয়েছে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম সরকার মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার পর পুলিশ অভিযান চালিয়ে রুবিনা বেগমকে গ্রেপ্তার করে। পরে বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মতামত