বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিশেষ অভিযানে ১৯ হাজার ৯৫০ পিস বার্মিজ ইয়াবাসহ মনির আহম্মেদ (৫২) নামে এক মাদক কারবারিকে হাতেনাতে ধরেছে বিজিবি। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটিও আটক করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) রাত আনুমানিক ৮টায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সদর দপ্তরের ১ নম্বর জিপি গেটের সামনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
আটক মনির আহম্মেদ কক্সবাজার জেলার রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ফাক্রিকাটা গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে বলে জানা গেছে।
১১ বিজিবির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, অভিযানে ২০০ পিস সবুজ রঙের ও ১৯ হাজার ৭৫০ পিস হলুদ রঙেরসহ মোট ১৯ হাজার ৯৫০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়েছে।
উদ্ধারকৃত ইয়াবার সিজার মূল্য ৫৯ লাখ ৮৫ হাজার টাকা এবং জব্দকৃত সিএনজির মূল্য ৪ লাখ টাকা। এতে সর্বমোট জব্দকৃত মালামালের মূল্য ৬৩ লাখ ৮৫ হাজার টাকা।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আটক ব্যক্তি, উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত সিএনজির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের কাজ চলছে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং অবৈধ অস্ত্র ও মাদক পাচার রোধে বিজিবির অভিযান ও টহল কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে।
তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা বজায় রাখা এবং সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ ও অবৈধ কর্মকাণ্ড দমনে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সর্বদা সজাগ ও সক্রিয় রয়েছে।
মতামত