মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বাসাইল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণে সরকার নির্ধারিত ফির চেয়ে কয়েক গুণ বেশি টাকা আদায়ের অভিযোগ উঠেছে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি ৮ হাজার টাকা করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন অভিভাবকেরা। এ নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিভাবকদের দাবি, সরকার নির্ধারিত ফি অনুযায়ী বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বোর্ড ও কেন্দ্র ফিসহ ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ২ হাজার ৩১৫ টাকা দেওয়ার কথা। অথচ বিদ্যালয় কর্তৃপক্ষ প্রত্যেক শিক্ষার্থীর কাছে ৮ হাজার টাকা দাবি করছে। এতে বিভাগভেদে নির্ধারিত ফির চেয়ে ৫ হাজার ৫৬৫ থেকে ৫ হাজার ৬৮৫ টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ চাওয়া হচ্ছে বলে অভিযোগ তাদের।
এ ঘটনায় ভুক্তভোগী অভিভাবক সোহরাব হোসেন জানান, তার মেয়ে ছামিহা ইসলাম বাসাইল উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের প্রথম রোলধারী শিক্ষার্থী। এসএসসি নির্বাচনী পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ হওয়ার পর ফরম পূরণ করতে গেলে বিদ্যালয় কর্তৃপক্ষ তার কাছে ৮ হাজার টাকা দাবি করে। কিন্তু আর্থিক কারণে তিনি ৩ হাজার ৫০০ টাকা দিতে চাইলেও মেয়ের ফরম পূরণ করা হয়নি।
পরে বিষয়টি সিরাজদীখান উপজেলা নির্বাহী
কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদ হাসানের নজরে আনেন তিনি।
বিষয়টি জানার পর ইউএনও ব্যক্তিগত উদ্যোগে ওই মেধাবী শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার ফরম পূরণের ব্যবস্থা করে দেন।
একজন শিক্ষার্থীর শিক্ষাজীবন যাতে অর্থের অভাবে বাধাগ্রস্ত না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে ইউএনওর এমন মানবিক উদ্যোগে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওই শিক্ষার্থীর অভিভাবক।
এদিকে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে বলেন, এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণসহ মোট ৮ হাজার টাকা নেওয়া হচ্ছে। এর মধ্যে তিন মাসের অগ্রিম কোচিং ফি, মডেল টেস্ট ফি, অনলাইন ফি এবং বোর্ডের ফরম পূরণের ফি অন্তর্ভুক্ত রয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে আলোচনা করেই এ অর্থ নির্ধারণ করা হয়েছে। এখানে অতিরিক্ত অর্থ আদায়ের কোনো বিষয় নেই। তবে আবেদন করলে অনেক শিক্ষার্থী এর চেয়ে অনেক কম টাকা দিয়েও ফরম পূরণ করেছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুন নেছা বলেন,এরকম অভিযোগ আমরা পেয়েছি, অতিরিক্ত অর্থ নেওয়ার কোন সুযোগ নেই। কেউ নিলে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব।
সিরাজদীখান উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদ হাসান বলেন, সরকার নির্ধারিত ফির বাইরে কোনো বিদ্যালয় অতিরিক্ত ফি আদায় করতে পারবে না। কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এ নিয়মের ব্যত্যয় ঘটালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আজ যে শিক্ষার্থীর অভিভাবক এসেছিলেন, সে বিদ্যালয়ের প্রথম রোলধারী ও মেধাবী শিক্ষার্থী। আমি ব্যক্তিগত উদ্যোগে তার ফরম পূরণের ব্যবস্থা করে দিয়েছি।
মতামত