জুলাই আন্দোলনে কিশোর হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে আবারও সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা রমনা গোয়েন্দা বিভাগের পরিদর্শক মো. সুজন হক ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর-রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন। আবেদনের ওপর আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।
রিমান্ড আবেদনে ডিবি জানায়, গত ১৭ নভেম্বর আদালতের অনুমতি নিয়ে সাঈদ খোকনকে সাত দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই সময় মামলার বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হলে তিনি অসংগতিপূর্ণ ও ভিন্ন ভিন্ন তথ্য দিয়ে তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন বলে দাবি পুলিশের।
এজাহারভুক্ত পলাতক আসামিদের অবস্থান সম্পর্কেও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তবে এ বিষয়ে সন্তোষজনক কোনো তথ্য পাওয়া যায়নি বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। আগের জিজ্ঞাসাবাদে পাওয়া মামলাসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য যাচাই-বাছাই চলছে বলেও জানিয়েছে তদন্ত সংস্থা।
আবেদনে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তে আন্দোলন দমনে সাঈদ খোকনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তার নির্দেশনা ও পূর্বপরিকল্পনায় ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালান বলে দাবি করেছে পুলিশ।
এ ছাড়া আন্দোলন দমনে অর্থ ও অস্ত্রের জোগান দেওয়ার ক্ষেত্রেও তার ভূমিকা ছিল বলে অভিযোগ করা হয়েছে। সরকার পতনের পর আত্মগোপনে থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল পরিচালনার সঙ্গেও তিনি জড়িত ছিলেন বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে।
তদন্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, পলাতক শীর্ষ নেতাকর্মীদের সঙ্গে সাঈদ খোকনের যোগাযোগ রয়েছে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা সম্পর্কেও তথ্য পাওয়া গেছে। এসব অভিযোগের বিষয়ে বিস্তারিত জানতে তাকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে জানিয়েছে ডিবি।
এর আগে গত ১৭ নভেম্বর সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১)। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়। ওই দিন সন্ধ্যায় আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় মিছিলে অংশ নেওয়া আবদুল মোতালেব নামের এক কিশোর গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।
এ ঘটনায় ২০২৪ সালের ২৬ আগস্ট নিহত কিশোরের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। এ মামলার এজাহারভুক্ত ২৯ নম্বর আসামি সাঈদ খোকন।
মতামত