ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ভবনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টা ১৯ মিনিটের দিকে আদালত ভবনের ওপর থেকে ককটেল নিক্ষেপ করা হলে সেটি বিস্ফোরিত হয়। এতে এক আইনজীবী আহত হয়েছেন।
ঘটনার পর সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপকমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আদালত ভবনের ওপর থেকে ককটেল ফেলে বিস্ফোরণ ঘটানো হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
তবে আহত আইনজীবীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে গত ৯ নভেম্বর সন্ধ্যা ৫টা ২০ মিনিটের দিকে সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় লোকজন। পরে সূত্রাপুর থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক আইনে মামলা করেন। ওই মামলায় পরে আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়।
মতামত