টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১২৮ নম্বর কটামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘মানুষ মানুষের জন্য মির্জাপুর’।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লক্ষ্মী রানী দাস, সহকারী শিক্ষক মো. শিপলু সাদেকসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
‘মানুষ মানুষের জন্য মির্জাপুর’ প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. মিজানুর রহমান, যিনি জাতীয় সাংবাদিক সংস্থা মির্জাপুর উপজেলা ইউনিটের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন, তাঁর নেতৃত্বে দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
সংগঠনটি ২০২০ সালে সরিষাদাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের মধ্য দিয়ে যাত্রা শুরু করে। এরপর থেকে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা সহায়তা এবং অসহায় মানুষের কল্যাণে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।
স্থানীয়দের মতে, শিশুদের শিক্ষার জন্য প্রয়োজনীয় উপকরণ পৌঁছে দেওয়ার এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে মানবিকতার যে দৃষ্টান্ত মো. মিজানুর রহমান ও তাঁর সংগঠন তৈরি করে চলেছে, তা অন্যদেরও সামাজিক কাজে উৎসাহিত করতে পারে।
মো. মিজানুর রহমান বলেন, “মানুষ মানুষের জন্য—এই বিশ্বাস থেকেই আমাদের সংগঠনের পথচলা। সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান লক্ষ্য। সকল শুভাকাঙ্ক্ষী ও সহযোগীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি। মহান আল্লাহ যেন আমাকে মানুষের কল্যাণে এই সংগঠনটি পরিচালনা করার তৌফিক দান করেন।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় মানুষের পাশে থেকে সংগঠনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।
মতামত