পটুয়াখালীর বাউফলে ৩১ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটের দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কর্পূরকাঠি এলাকায় মানসুরিয়া দাখিল মাদ্রাসার উত্তর পাশে সাইফুল খলিফার পুকুরের পশ্চিম পাশের পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খেজুরবাড়িয়া গ্রামের মো. ইব্রাহিম চৌকিদারের ছেলে মো. ফাহিম ইসলাম ইমন (২৩) এবং একই এলাকার মো. বাবুল সরদারের ছেলে মো. আবুল বশার (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার উপপরিদর্শক (এসআই) সম্বিত রায় সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের দায়িত্ব পালনকালে কর্পূরকাঠি এলাকায় অভিযান চালান। এ সময় সন্দেহ হওয়ায় দুই যুবককে তল্লাশি করা হয়। পরে তাদের কাছ থেকে ৩১ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও আকাশি-কালো রঙের একটি NEXG N6 Lite অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, ইয়াবা কেনাবেচার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মতামত