আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে কুড়িগ্রামে জেলা পুলিশের দুই দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ শেষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটার ও প্রার্থীদের নিরাপত্তা, ভোটকেন্দ্রের নিরাপত্তা, নির্বাচনী আচরণবিধি ও সংশ্লিষ্ট আইন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।
দুই দিনের প্রশিক্ষণে নিরাপত্তা পরিকল্পনা, ঝুঁকি ব্যবস্থাপনা, আইনানুগভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে করণীয় এবং বডিওর্ণ ক্যামেরার যথাযথ ব্যবহার নিয়েও তাত্ত্বিক ও ব্যবহারিক দিকনির্দেশনা দেওয়া হয়।
সমাপনী অনুষ্ঠানে পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি বলেন, নির্বাচনী দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের নিরপেক্ষতা, পেশাদারত্ব, শৃঙ্খলা ও দায়িত্ববোধ বজায় রাখতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিমতানুর রহমান, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ রানা, রিজার্ভ ইন্সপেক্টর (আরআই) মো. আবু জাফর ফকিরসহ প্রশিক্ষণ সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মতামত