রাজশাহীর বাঘায় একটি বাড়িতে অভিযান চালিয়ে দুটি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় রোজিনা খাতুন (৩৬) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার রোজিনা খাতুন আলাইপুর নাপিতপাড়া গ্রামের আলতাব হোসেনের মেয়ে।
তবে রোজিনার স্বামী রুবেল হোসেন (৪৪) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। রুবেল হোসেন একই এলাকার আব্দুস সামাদের ছেলে। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) বাঘা উপজেলার আলাইপুর নাপিতপাড়া মোড় এলাকায় রাজশাহী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল এ অভিযান চালায়।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাঘার আলাইপুর নাপিতপাড়া এলাকার রোজিনা খাতুনের বাড়িতে তল্লাশি চালায় জেলা ডিবি পুলিশ। এ সময় খাটের নিচে রাখা কাঠের বাটসদৃশ দুটি সচল পিস্তল, তিনটি মরিচাধরা খালি ম্যাগাজিন ও পিস্তলের সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পরে উদ্ধার অস্ত্র ও গুলি এবং গ্রেপ্তার রোজিনা খাতুনকে রাজশাহী জেলা ডিবি কার্যালয়ে নেওয়া হয়। বিকেলে রোজিনার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অভিযানে নেতৃত্বে দেন রাজশাহী জেলা ডিবির এসআই স্বপন।
মতামত