নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটিতে পৃথক দুটি অভিযানে ১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। এর মধ্যে একজনকে স্থানীয় জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। অপরজনকে পুলিশ অভিযান চালিয়ে আটক করে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ জানান, শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের তৌকাঠী বাজারে খালেক মোল্লার চা দোকানের পশ্চিম পাশে পাকা সড়ক থেকে স্থানীয় জনতা মো. মাসুম হাওলাদার ওরফে সোলজার (২২) নামে এক যুবককে আটক করে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ সময় তার কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয় জনতা মাসুমকে আটকের পর মারধর করলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আটক মাসুম হাওলাদার ওরফে সোলজার উপজেলার হায়বৎপুর গ্রামের মো. হারুন হাওলাদারের (বাবুর্চি) ছেলে।
অন্যদিকে, একই দিন রাত ৮টা ৩৫ মিনিটের দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের পাওতা এলাকায় বিজ্ঞ বিচারপতি মো. বজলুর রহমান দুলাল জামে মসজিদসংলগ্ন ব্রিজের ঢালে অভিযান চালায় পুলিশ। নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মো. শফিকুল ইসলাম ওরফে অন্তর (২৩) নামে এক যুবককে আটক করেন। এ সময় তার কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক শফিকুল ইসলাম ওরফে অন্তর কুলকাঠি ইউনিয়নের ১নং ওয়ার্ডের বারইকরন গ্রামের মো. জাহাঙ্গীর হোসেন খানের ছেলে। তিনি নলছিটি টি অ্যান্ড টি সড়কের স্টার পয়েন্ট ডিজিটাল প্রেসের স্বত্বাধিকারী।
নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান সোহাগ জানান, পৃথক দুটি ঘটনায় উদ্ধার করা ইয়াবাসহ আটক দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নলছিটি থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
মতামত