জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আনিসুর রহমান। আগামী বুধবার (২৮ অক্টোবর) থেকে তাঁর এ নিয়োগ কার্যকর হবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে অধ্যাপক ড. মো. আনিসুর রহমানকে দুই বছরের জন্য জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। এ দায়িত্ব পালনের জন্য তিনি বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. মো. আনিসুর রহমান বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। ইনশাআল্লাহ, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করব।”
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে তিনি সবসময় গঠনমূলক ভূমিকা রাখতে চান। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের সবাইকে সঙ্গে নিয়ে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সামনে এগিয়ে যেতে চান তিনি।
সবার সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের কল্যাণে ইতিবাচক অবদান রাখাই হবে তাঁর মূল লক্ষ্য বলেও জানান অধ্যাপক ড. মো. আনিসুর রহমান।
মতামত