মাদারীপুরের শিবচরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মাহাবুব ফকির (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে শিবচর থানা পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৩৫ হাজার টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের দাপ্তরিক নথি ও মামলার প্রাথমিক তথ্য বিবরণী সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল আনুমানিক ১০টা ৫৫ মিনিটে শিবচর উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়। শিবচর থানার এসআই মোঃ হাসিব শিকদার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, এলাকায় ইয়াবার একটি বড় চালান প্রবেশ করতে পারে। পরে তিনি এএসআই আমিনুল ইসলামসহ পুলিশের একটি দল নিয়ে অভিযান চালান।
অভিযানকালে মোঃ মাহাবুব ফকিরের হেফাজতে কাগজে মোড়ানো একটি প্যাকেটের ভেতর থেকে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, বলে পুলিশ জানিয়েছে। এরপর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয় এবং উদ্ধার করা মাদকদ্রব্যসহ তাঁকে আটক করে থানায় নেওয়া হয়।
আটক মোঃ মাহাবুব ফকির (৪৫) শিবচর উপজেলার মাদবরেরচর এলাকার মোতালেব ফকিরের ছেলে। পুলিশের অভিযোগ, তিনি বিক্রির উদ্দেশ্যে ইয়াবা ট্যাবলেট নিজের হেফাজতে রেখেছিলেন।
এ ঘটনায় শিবচর থানায় মামলা নম্বর ৪৫, তারিখ ২৭ অক্টোবর ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
মামলার বাদী হিসেবে এসআই মোঃ হাসিব শিকদার নাম উল্লেখ রয়েছে।
এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন বলেন, “এসআই হাসিব শিকদারের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। এ সময় মাহাবুব ফকিরের হেফাজত থেকে ৪৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
শিবচর থানা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
মতামত