দিনাজপুর শহরের ঢাকাইয়াপট্টি লাইনপাড় এলাকায় নৈশপ্রহরী টিটু শিকদার হত্যা মামলার প্রধান আসামি মো. রাফি ওরফে রিজন মোল্লাকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে দিনাজপুর কোতোয়ালি থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল হালিম।
গত রোববার দিবাগত রাতে দিনাজপুর পৌর এলাকার রেলব্রিজ উঁচামোড় গলির মাথা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার রিজন মোল্লা দিনাজপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বালুবাড়ী সিপাহীপাড়া এলাকার রাজু মোল্লার ছেলে।
সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার আব্দুল হালিম জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিজন মোল্লা টিটু শিকদার হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধারে অভিযান চলছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা জানতে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে।
পুলিশের ভাষ্য, রিজন মোল্লার বিরুদ্ধে চুরি, ছিনতাই ও মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে দিনাজপুর শহরের ঢাকাইয়াপট্টি লাইনপাড় এলাকায় রেললাইনের পাশে ছুরিকাঘাতে টিটু শিকদার নিহত হন। তিনি ওই এলাকার সিদ্দিক শিকদারের ছেলে। ঘটনার পর রক্তাক্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহতের পরিবারের অভিযোগ, নির্মাণাধীন একটি সেতুর মালামাল চুরি ও মাদক কারবারে বাধা দেওয়াকে কেন্দ্র করে টিটুকে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় নিহতের ভাই বিপ্লবী শিকদার বাদী হয়ে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মতামত